• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু


বরিশাল প্রতিনিধি মে ১৯, ২০২৬, ০১:১৮ পিএম
বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। 

মঙ্গলবার (১৯ মে) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্র জানায়, মৃত শিশুদের একজন পটুয়াখালীর দুমকি উপজেলার দুর্গাপুর এলাকার সোহাগ খানের দুই বছর বয়সী ছেলে জিহাদ এবং অন্যজন ভোলার চরফ্যাশনের উত্তর চর আইচা গ্রামের হাসানের সাত মাস বয়সী কন্যাশিশু হাবিবা।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হামজনিত জটিলতা থেকে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হাম থেকে সৃষ্ট শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার কারণে শিশু দুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, হাবিবা গত ১৩ মে হাসপাতালে ভর্তি হয় এবং কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ১৮ মে সকালে মারা যায়। অন্যদিকে জিহাদকে ১৯ মে ভোরে হাসপাতালে আনার কিছু সময় পরই তার মৃত্যু হয়।

চলতি বছরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। একই সময়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২ হাজার ২৮৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৫২ জন এবং ছাড়পত্র পেয়েছে ৪৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯৮ জন রোগী।

এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, বিভাগজুড়ে হামের সংক্রমণ এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম জানান, বরিশাল বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে আরও তিনজন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৪৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪০ জন রোগী।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫০ জনে। এর মধ্যে ১৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, পটুয়াখালীতে সবচেয়ে বেশি ১ হাজার ২৮৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ভোলায় ৪৫৮ জন, বরিশালে ৩৬৭ জন, বরগুনায় ৫৩১ জন, পিরোজপুরে ৩৩৭ জন এবং ঝালকাঠিতে ২৫৫ জন রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পিএস

Link copied!