• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে গরুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার 


পিরোজপুর প্রতিনিধি মে ২৬, ২০২৬, ০৫:২৬ পিএম
পিরোজপুরে গরুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার 

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে পারভেজ খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতার পারভেজ খান উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাম্মেল খানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালকাঠি গরুর হাটে সরকারি রাস্তার ওপর নিজেই খুঁটি পুঁতে প্রতিটি গরু রাখার জন্য ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন পারভেজ খান। এছাড়াও প্রতিটি গরু বিক্রি হলে অতিরিক্ত ২ হাজার টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

এসময় গরু বিক্রি করতে আসা দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া এলাকার সাঈদ মোল্লা (৫৫) চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে হাটে দায়িত্বরত পুলিশ সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত পারভেজ খানকে আটক করে।

আহত গরু বিক্রেতা সাঈদ মোল্লা বলেন, “হাটে গরু নিয়ে আসার পর আমার কাছে জোর করে টাকা দাবি করা হয়। টাকা দিতে না চাইলে আমাকে মারধর করা হয়েছে।”

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পিএস

Link copied!