ছবি : প্রতিনিধি
টাঙ্গাইল: কোরবানির ঈদ সামনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো নগরবাসী। এতে করে ঢাকা-টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে।
এতে করে রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়ে। এসব যানবাহন থেকে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা টোল আদায় হয়েছে বলে মঙ্গলবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, এ সময় উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ২ হাজার ৬০০ টাকা।
অপর দিকে ঢাকাগামী যানবাহন পারাপার হয়েছে ২১ হাজার ৬০টি। বিপরীতে টোল আদায় ১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।
নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হচ্ছে।
পিএস







































