• ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু


নওগাঁ প্রতিনিধি জুলাই ৭, ২০২৬, ১১:০৮ এএম
স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

স্বপ্নে দেখা নির্দেশনা অনুযায়ী মানত পূরণ করতে গিয়ে নওগাঁর ছোট যমুনা নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় সাহিদা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে শহরের ডিগ্রি কলেজ মোড় সংলগ্ন জিন্দাপীর পার-ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহিদা শহরের সুলতানপুর মহল্লার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাহিদার ছেলে মাদরাসায় পড়াশোনা করে। সে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। সম্প্রতি সাহিদা স্বপ্নে দেখেন, ছোট যমুনা নদীর তীরে লখাইজানি এলাকায় অবস্থিত মাজারে মানত করলে তার ছেলে সুস্থ হয়ে যাবে।

স্বপ্নের নির্দেশনা অনুযায়ী গত শনিবার তিনি বাবার বাড়ি যান। আজ একটি মাটির ঘটি ও নিজের ছোট বোনকে সঙ্গে নিয়ে তিনি ওই মাজারে আসেন। মানত শেষে ঘটিটি নদীতে ডুবিয়ে দেন তিনি। এরপর ছোট যমুনা নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন।

নদীর পারঘাটের মাঝি শুকুর আলি সাহিদাকে সাঁতার কাটতে দেখে বারবার নৌকায় ওঠার অনুরোধ করেন। কিন্তু সাহিদা সেই অনুরোধ উপেক্ষা করে সাঁতরে যেতে থাকেন। একপর্যায়ে নদীর মাঝখানে গিয়ে ক্লান্ত হয়ে তিনি ডুবতে শুরু করেন। হঠাৎ তার হাত পানির ওপরে ভেসে উঠলে মাঝি শুকুর আলি তা ধরার চেষ্টা করলে ব্যর্থ হন।

ঘটনার পরপরই নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। স্থানীয় ফায়ার ফাইটাররা উদ্ধার কাজ শুরু করার পর রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। দীর্ঘ ৪ ঘণ্টার তল্লাশি শেষে বিকেল ৫টার দিকে ডুবুরি দল নদীর তলদেশ থেকে সাহিদার মরদেহ উদ্ধার করে।

এম

Link copied!