ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মেয়ের সামনে নুরুল আজম (৩৯) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত নুরুল আজম খলিফাপাড়া এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি জলাবদ্ধ জমিতে মাছ ধরতে যান নুরুল আজম। এ সময় কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে ধাওয়া করে পাশের একটি বাড়ির পেছনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, প্রাথমিক তদন্তে মাছ ধরাকে কেন্দ্র করে নয়, বরং পূর্বের জমি-সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএস







































