ছবি : প্রতিনিধি
নীলফামারী: ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭ টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, সোমবার বিকেল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এরপর সন্ধ্যা ৬ টায তিস্তার পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েটে বিপদসীমার ৩ সেন্টিমিটার ও ৭টা থেকে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার ৫২ দশমিক ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে তিস্তার পানি আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষজনের মধ্যে বন্যার আশংকা বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাব চৌধুরী জানান, ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি সন্ধ্যা থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের সবক’টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
পিএস







































