• ঢাকা
  • শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে ২ যুবককে আটকে রেখে নির্যাতন, গ্রেপ্তার ৯


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি আগস্ট ২১, ২০২৬, ০১:১২ পিএম
জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে ২ যুবককে আটকে রেখে নির্যাতন, গ্রেপ্তার ৯

ছবি : প্রতিনিধি

​চুয়াডাঙ্গা: অনলাইন জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামে দুই যুবককে ডেকে এনে তিনতলা ভবনের বেজমেন্টে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ভুক্তভোগীদের উদ্ধার এবং সিন্ডিকেটের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু সাঈদ (২৪) ও ফরহাদ হোসেন জুনায়েদকে (২৩) অনলাইনে জুয়া খেলার সিম দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিকাটা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ভবনে ডেকে আনে চক্রটি। পরে ভবনের বেজমেন্টে তাদের আটকে রেখে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ জানালে পুলিশ বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দুই যুবককে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করে।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাতিকাটা গ্রামের মো. রাকিব (২৪), মো. আলভী (২৩), বাধন (২৫), মো. ফরহাদ হোসেন (৩০), মো. নাফি (১৮), কোটমোড় এলাকার মো. রিফাত (১৯) এবং পলাশপাড়ার মো. জুয়েল (২৪)। এ ছাড়া চক্রের আরও দুজনকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নির্যাতনকারী ও ভুক্তভোগী উভয় পক্ষই অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। মূলত টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়া ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার জুমার নামাজের পর আসামীদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

​চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ অনলাইন জুয়া সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে জুয়ার অ্যাপস পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে মাদক উদ্ধার করা হয়েছে।

পিএস

Link copied!