ফাইল ছবি
ঢাকা: মার্কিন ডলারের মান দুর্বল হওয়া এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কর্মসূচি বাড়ানোর ঘোষণায় স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) স্পট মার্কের্টে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলারে উঠেছে। এর আগের সেশনে দাম জুনের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন ডলারের দাম চলতি সপ্তাহে কমার পথে রয়েছে। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলক সস্তা হয়ে উঠেছে। ফলে স্বর্ণের চাহিদায় ইতিবাচক প্রভাব পড়ছে।
স্বর্ণের ভবিষ্যৎ গতিপথ ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের ফলে বাজারে সুদের হার নিয়ে প্রত্যাশায় কী ধরনের পরিবর্তন আসে, তার ওপর অনেকটাই নির্ভর করবে।
বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য নতুন আবেদন কিছুটা কমেছে। এতে জুলাইয়ে কর্মসংস্থানে অপ্রত্যাশিত পতন হলেও দেশটির শ্রমবাজার এখনো স্থিতিশীল রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে ফেড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর অব্যাহত রাখার অবস্থানে রয়েছে।
স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় দেয় না এমন স্বর্ণের আকর্ষণ কমে যায়।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে শুক্রবার স্পট রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬৫ দশমিক ২৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৪ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। তিনটি ধাতুর দামই চলতি সপ্তাহে বাড়ার পথে রয়েছে।
পিএস







































