ছবি : প্রতিনিধি
পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে বিয়ের দাবিতে সানিয়া আক্তার মিম (১৭) নামে এক তরুণী গত তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করে অনশন করছেন। তাঁর অবস্থানের খবর পেয়ে প্রেমিক রাতুল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার রাতে ওই তরুণী সানিয়া আক্তার নেছারাবাদ থানায় বাদী হয়ে প্রেমিক রাতুল ও তাঁর পরিবারের সদস্যদের বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব-কামারকাঠী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এরপর থেকে ওই তরুণী প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন।
অনশনরত সানিয়া আক্তার মিম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফার্দাবাদ গ্রামের মৃত জালাল হোসেনের মেয়ে। আর কথিত প্রেমিক মো. রাতুল জলাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদল শেখের ছেলে।
সানিয়ার দাবি, ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে রাতুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রাতুলের পরামর্শে তিনি নেছারাবাদে তাঁর এক খালুর বাড়িতে বেড়াতে আসেন। পরে তাঁদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবারকে জানানো হলেও রাতুলের পরিবার তাঁকে মেনে নেয়নি বলে দাবি করেন তিনি।
সানিয়া বলেন, পরে রাতুল তাঁকে তাঁদের বাড়িতে চলে আসতে বলেন। তাঁর কথামতো বাড়িতে যাওয়ার পর রাতুলের মা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে রাতুলকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে চলে যান বলে অভিযোগ তাঁর।
সানিয়া আরও বলেন, রাতুলের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়ি থেকে যাবেন না।
তবে এ বিষয়ে রাতুল ও তাঁর পরিবারের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান আজ বৃহস্পতিবার সকালে এই প্রতিবেদককে জানান, বুধবার রাতে ওই তরুণী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএস

























original1787417799-20260822173831.jpg)













