• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেপালের জনপ্রিয় পর্যটন শহরে অপু বিশ্বাসরা, কেমন আছেন এখন


বিনোদন ডেস্ক আগস্ট ২৭, ২০২৬, ০৯:৩৫ এএম
নেপালের জনপ্রিয় পর্যটন শহরে অপু বিশ্বাসরা, কেমন আছেন এখন

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে এই রিপোর্ট লেখা অন্তত ১৯০ জনের মৃত্যু এবং শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে নেপালে অবস্থানরত ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিমকে নিয়েও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি ও ‘শিকার’ সিনেমার পুরো টিম বর্তমানে নিরাপদে আছেন। তারা নেপালের জনপ্রিয় পর্যটন শহর পোখারায় অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অপু জানান, নেপালের আকস্মিক দুর্যোগে বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার মহাসড়কও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন।

অভিনেত্রী জানান, তাদের গাড়ি মেরামত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পরদিন তারা পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন। এরপর কাঠমান্ডু থেকে শুক্রবারের ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি রয়েছে। দুর্যোগের কারণে ফ্লাইটে যাত্রীদের চাপও বেড়েছে বলে জানান তিনি।

ভক্তদের উদ্দেশে অপু বলেন, তাকে নিয়ে উদ্বিগ্ন না হয়ে সবার কাছে দোয়া করতে। নিরাপদে দেশে ফিরে সন্তানের কাছে ফিরতে চান তিনি।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। ছবিতে আরও রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

দুর্যোগের কারণে শুটিং কার্যক্রমে প্রভাব পড়লেও আপাতত ‘শিকার’ সিনেমার টিমের সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন অপু। এখন তাদের মূল লক্ষ্য দ্রুত ও নিরাপদে কাঠমান্ডু পৌঁছে সেখান থেকে দেশে ফেরা।

এম

Link copied!