ফাইল ছবি
ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ আদায়, ঋণ পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংকের রেজল্যুশন বিভাগের (বিআরডি) একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকটির একীভূতকরণ ও পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং তথ্যপ্রযুক্তি ও পরিচালন কার্যক্রম একীভূত করার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় জানানো হয়, আমানতকারীদের স্বার্থ রক্ষায় খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়া হয়েছে। এরই মধ্যে ব্যাংকটি প্রায় ১০ হাজার মামলা করেছে। আরও মামলা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রচলিত আইনি ব্যবস্থার বাইরে এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মাধ্যমে সমঝোতার উদ্যোগও নেওয়া হয়েছে।
এ ছাড়া আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদের অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিট চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ছয় মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। গত ১৬ জুলাই থেকে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোয় প্রয়োজনীয় সমন্বয়ের কাজও চূড়ান্ত করা হয়েছে।
পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে কোর ব্যাংকিং ব্যবস্থা (সিবিএস), সুইফট ও আরএমএসহ তথ্যপ্রযুক্তি অবকাঠামো একীভূত করার কাজ এগিয়ে চলছে। আমানতকারীরা যাতে পাঁচটি ব্যাংকের যেকোনো শাখা থেকে অর্থ তুলতে পারেন, সে জন্য একটি কমন ইন্টারফেস চালুর কাজও সম্পন্ন হয়েছে।
শাখার অবস্থান, ব্যবসায়িক সম্ভাবনা, গ্রাহকসেবা ও পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে ৭৮০টি শাখা ও ১,৫০০টি বিজনেস ইউনিট একীভূতকরণ ও যৌক্তিকীকরণের কাজ চলছে।
বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগ নিয়মিতভাবে ব্যাংকটির ঋণ আদায়, মামলা নিষ্পত্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, শাখা ও বিজনেস ইউনিট একীভূতকরণ এবং প্রযুক্তিগত সমন্বয়ের অগ্রগতি পর্যবেক্ষণ করছে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এসব উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির সুশাসন ও আর্থিক সক্ষমতা বাড়বে, ঋণ আদায় ত্বরান্বিত হবে এবং পরিচালন ব্যয় কমবে। একই সঙ্গে আটকে থাকা অর্থ উৎপাদনশীল খাতে ফেরত আনা সম্ভব হবে।
৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও আমানত ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এএইচ/পিএস

























original1787417799-20260822173831.jpg)













