ফাইল ছবি
ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪১৫ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবরে প্রাণ গেল ১৭০ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ঢাকা বিভাগে ৭৫৫ জন ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২২৯ জন, চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, ময়মনসিংহে ৮৯, রাজশাহী ১৮৮, রংপুরে ৭৮ এবং সিলেটে ২৯ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর মোট ১ লাখ ৩২ হাজার ১০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন রোগী হাসপাতাল ছেড়েছে।
পিএস







































