ছবি: প্রতিনিধি
হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আকরাম হোসেন মণ্ডলের কবর জিয়ারত করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মরহুমের পারিবারিক কবরস্থানে তিনি এ জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে মন্ত্রী মরহুমের বাসভবনে যান। সেখানে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।
এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহীন মণ্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, মরহুম আকরাম হোসেন মণ্ডল অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দলের জন্য অনেক অবদান রেখেছেন। শুধু রাজনীতিই নয়, পেশাগত জীবনে তিনি একজন অধ্যাপক ছিলেন এবং নিজ হাতে বহু শিক্ষার্থী গড়ে তুলেছেন। আমাদের এখন প্রধান দায়িত্ব হবে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।
এসএইচ







































