• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে: নাসের


নওগাঁ প্রতিনিধি নভেম্বর ৫, ২০২৬, ০৪:১৫ পিএম
সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে: নাসের

ছবি: প্রতিনিধি

নওগাঁ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন একটি সীমান্ত ফাঁড়ি (বিওপি) স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জেলার সাপাহারের নব আদাতলা নামক স্থানে নতুন এই বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের।

অনুষ্ঠানে বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন এবং ১৬ ব্যাটালিয়ন নওগাঁ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১১৫ কিলোমিটার সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপিত নব আদাতলা বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থান গ্রহণ করে দায়িত্ব পালন করছে। সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে বিজিবি জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নব আদাতলা বিওপি স্থাপনের মাধ্যমে সীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসএইচ 

Link copied!