ফাইল ছবি
ঢাকা: পোশাক খাতে অস্থিরতায় জড়িত থাকার অভিযোগে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পোশাক খাতকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টার সঙ্গে এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র আরও জানায়, এনবিআর ব্যাংকগুলোর কাছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিস্তারিত লেনদেনের ইতিহাস চেয়েছে।
যাদের ব্যাংক হিসাব লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তাদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যবসায়ী রয়েছেন। এছাড়া এই ব্যক্তিদের পরিবারের কিছু সদস্যের নামও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম—সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ, তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি।
তালিকায় উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বর্তমানে কারাগারে আছেন এবং অন্যরা পলাতক আছেন।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকারের কয়েকটি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্ব কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, কিছু সরকারি সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে আমরা ব্যাংকগুলোকে এই ব্যক্তিদের ব্যাংক হিসাব শনাক্ত ও স্থগিত করার নির্দেশ দিয়েছি।
পিএস







































