• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোরে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৩২ এএম
ভোরে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রাশিয়া থেকে আকাশপথে বাংলাদেশে আনার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এ নিয়ে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটিসহ দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান, মোট ছয়টি চালান রূপপুর প্রকল্পে পৌঁছাল।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে। এ পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

পরীক্ষা সফল হলে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।

এম

Link copied!