• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুন্দরবনের পর চিত্রাও হারানোর শঙ্কা—ক্ষুব্ধ নাগরিক সমাজ, আন্দোলনের হুঁশিয়ারি


আলমাস আলী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৪২ এএম
সুন্দরবনের পর চিত্রাও হারানোর শঙ্কা—ক্ষুব্ধ নাগরিক সমাজ, আন্দোলনের হুঁশিয়ারি

পাবনা থেকে ঢাকাগামী নতুন ট্রেন ঈশ্বরদী জংশনে যাত্রাবিরতি করবে—এমন খবরে যখন স্বস্তি ফিরতে শুরু করেছে ঈশ্বরদীবাসীর মধ্যে, ঠিক তখনই এসেছে নতুন দুঃসংবাদ।

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ঈশ্বরদী। উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র এই স্টেশন দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছে বিভিন্ন আন্তঃনগর ট্রেন। এর মধ্যে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকায় চলাচলকারী চিত্রা এক্সপ্রেস অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন।

রেলওয়ের একাধিক সূত্রে জানা গেছে, চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট পরিবর্তন করে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পরিচালনার বিষয়ে রেলভবনে উচ্চপর্যায়ের সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়েও এ বিষয়ে খোঁজ নিয়ে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন,‘চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী থেকে তুলে নেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। তবে রেলভবনে এ বিষয়ে সভা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানতে পেরেছি।’তবে সিদ্ধান্তটি এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি।

স্থানীয়দের আশঙ্কা, চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী জংশন ছেড়ে গেলে এই অঞ্চলের মানুষের ঢাকা যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ হারিয়ে যাবে।

এ খবরে ক্ষোভে ফুঁসছেন ঈশ্বরদীর নাগরিক সমাজ। ট্রেনটি সরিয়ে নেওয়া হলে সরাসরি ঢাকা যাতায়াতের সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও স্টেশনকেন্দ্রিক জীবিকার সঙ্গে জড়িত শত শত মানুষ। চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখার দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা।

এ বিষয়ে ৮৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত অধ্যাপক উদয় নাথ লাহিড়ী বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর খুলনা থেকে ঢাকাগামী কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন হয়েছে। এখন চিত্রা এক্সপ্রেসও চলে গেলে ঈশ্বরদীর ব্যবসায়ী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ বাড়বে। দীর্ঘদিনের এই রেল যোগাযোগ ধরে রাখা জরুরি।

অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু বলেন, চিত্রা এক্সপ্রেস চালুর পর থেকেই ঈশ্বরদী জংশন হয়ে চলাচল করছে। এই ট্রেনে শুধু ঈশ্বরদীর মানুষ নয়, আশপাশের বিভিন্ন এলাকার মানুষও ঢাকায় যাতায়াত করেন। সুন্দরবন এক্সপ্রেস ইতোমধ্যে এই রুট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন চিত্রাও সরিয়ে নেওয়া হলে ঈশ্বরদী থেকে ঢাকায় সরাসরি যাতায়াতের আর কোনো ট্রেন থাকবে না। তাই তিনি চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখার দাবি জানান।

নাগরিক কমিটির সদস্য সচিব আশিকুর রহমান লুল্লু বলেন, চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের খবরে আমরা উদ্বিগ্ন। খুলনা, যশোর, কোটচাঁদপুর, পোড়াদহ, মিরপুর, ভেড়ামারা ও ঈশ্বরদীসহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই ট্রেনের ওপর নির্ভরশীল। রুট পরিবর্তন করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

জীবিকার ওপর প্রভাব: ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ী-কর্মজীবীরা

চিত্রা এক্সপ্রেস শুধু যাত্রী পরিবহনের মাধ্যম নয়, ঈশ্বরদী রেলওয়ে স্টেশনকেন্দ্রিক বহু মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে আছে ট্রেনটি।

স্টেশনের দোকানদার, কুলি, রিকশা ও সিএনজিচালকসহ বিভিন্ন পেশার মানুষ আশঙ্কা করছেন, ট্রেনটি অন্য রুটে চলে গেলে যাত্রী কমে যাবে। এতে তাঁদের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়বে।

ঈশ্বরদী জংশন স্টেশন প্লাটফর্মের দোকানদার রাতুল বলেন, চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন হলে স্টেশনে যাত্রী কমে যাবে। এতে আমাদের বেচাকেনা অনেক কমে যাবে। এই ট্রেনের যাত্রীদের ওপর নির্ভর করেই আমাদের ব্যবসা চলে। তাই আমরা চাই ট্রেনটি আগের রুটেই চলাচল করুক।

স্টেশন কুলি আতাবুল ইসলাম বলেন, চিত্রা এক্সপ্রেস চলে গেলে আমাদের মতো ৩০ থেকে ৪০ জন কুলির জীবিকা সংকটে পড়বে। শুধু আমরা নই, রিকশাচালক, সিএনজিচালক ও দোকানদাররাও ক্ষতিগ্রস্ত হবেন। আমরা চাই ট্রেনটি ঈশ্বরদী থেকে সরিয়ে নেওয়া না হোক।

ব্যবসায়ীদের উদ্বেগ

এদিকে ঢাকায় যাতায়াত ও পণ্য কেনাকাটার জন্য চিত্রা এক্সপ্রেসের ওপর নির্ভরশীল স্থানীয় ব্যবসায়ীরাও উদ্বিগ্ন। অঙ্গরুপ বিতান গার্মেন্টসের ব্যবসায়ী মো. আলাউদ্দিন বলেন,চিত্রা এক্সপ্রেসে আমরা সহজেই ঢাকায় যাতায়াত করতে পারতাম। দিনের বেলায় গিয়ে রাতেই ফিরে আসার সুবিধা ছিল। ট্রেনটি সরিয়ে নেওয়া হলে আমাদের ব্যবসা-বাণিজ্যে অনেক ক্ষতি হবে।

শহরের অন্যতম পাইকারি ও খুচরা কাপড় বিক্রেতা মোঃ হাফিজ উদ্দিন বলেন,  আমরা রাতে ঈশ্বরদী থেকে ঢাকায় যাই। রাতেই মালামাল কিনে আবার ফিরে আসি। চিত্রা এক্সপ্রেস বর্তমান রুটে চলাচল করায় আমাদের অনেক সুবিধা হয়। তাই ট্রেনটির রুট পরিবর্তন না করার দাবি জানাই।

ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট( ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান বলেন, চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার কথা শোনা যাচ্ছে। এটি হলে ঈশ্বরদী, লালপুর, চাটমোহর ও ভেড়ামারা অঞ্চলের যাত্রীদের চরম অসুবিধা হবে। বিশেষ করে গাজীপুর, জয়দেবপুর ও বিমানবন্দরগামী যাত্রীরা সমস্যায় পড়বেন। আমার মতে, ট্রেনটি বর্তমান রুটেই চলাচল করা উচিত।

বুধবার সকালে সচিবালয়ে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটির রূট পরিবর্তন না করার দাবি তুলে ধরেন।

সাক্ষাৎকালে আবু তালেব মণ্ডল বলেন, চিত্রা এক্সপ্রেস কেবল ঈশ্বরদী নয়, বরং কুষ্টিয়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ বৃহত্তর অঞ্চলের লাখো মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। জনস্বার্থ বিবেচনা করে ট্রেনটির বর্তমান রুট পরিবর্তন না করার জন্য তিনি রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর আন্তঃনগর ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনের খুলনা–ভেড়ামারা–ঈশ্বরদী–ঢাকা রুট অপরিবর্তিত রেখে এই রুটে ট্রেন চলাচল অব্যাহত রাখার দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামকে ডিও লেটার প্রদান করেছেন।

তিনি উল্লেখ করেন, এই রেলপথ শুধু মিরপুর ও ভেড়ামারার মানুষের জন্য নয়; বৃহত্তর দৌলতপুর, ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলাকার বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ টাঙ্গাইল, গাজীপুর ও উত্তরা অঞ্চলে যাতায়াতের জন্য এই ট্রেনের ওপর নির্ভরশীল।

তাই জনস্বার্থ, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা এবং কর্মজীবী মানুষের প্রয়োজন বিবেচনায় ‘চিত্রা এক্সপ্রেস’-এর বিদ্যমান রুট কোনোভাবেই পরিবর্তন না করে বহাল রাখার দাবি জানান তিনি।

সংরক্ষিত নারী সংসদ সদস্য ৩০৬ আসনের ফরিদা ইয়াসমিনও বর্তমান রূট পরিবর্তন না করার আহ্বান জানান।

এদিকে কুষ্টিয়ার ভেড়ামারাতেও মানববন্ধন ও স্বারকলিপি কর্মসূচি চলছে। চিত্রা এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এই অঞ্চলের লাখো মানুষের যাতায়াত ও জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম চায়।

এম

Link copied!