• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি


নিউজ ডেস্ক নভেম্বর ১৪, ২০২৬, ০৯:২৫ এএম
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য নিয়মিত রক্ত পরীক্ষা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বাণীতে তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রত্যেককে নিজ নিজ পরিবার, কর্মস্থল ও সমাজে ভূমিকা রাখতে হবে। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এমনকি সংক্রমণ ও অঙ্গচ্ছেদের মতো গুরুতর পরিস্থিতিও তৈরি হতে পারে।

তবে যথাযথভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে দীর্ঘদিন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। তাই ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, নগরায়নের ফলে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রম কমে যাওয়ায় দেশে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে।

ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বাণীর শেষাংশে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

এম

Link copied!