• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে নানকের বাসভবনে হামলা-ভাঙচুর, গার্ডরুমে আগুন


বরিশাল প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৬, ০৩:০৪ পিএম
বরিশালে নানকের বাসভবনে হামলা-ভাঙচুর, গার্ডরুমে আগুন

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে এবং নিচতলার গার্ডরুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নগরীর বটতলা এলাকার ওই বাসভবনে হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে নিচতলার গার্ডরুম ও বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গার্ডরুমটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নানকের বাসভবনে আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তখনো তাঁর কাছে পৌঁছায়নি।

পিএস

Link copied!