• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

থানা পুড়িয়ে দিলে পুলিশ কাজ করবে কীভাবে, গোপালগঞ্জে আইজিপির প্রশ্ন


গোপালগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৬, ০৬:২৭ পিএম
থানা পুড়িয়ে দিলে পুলিশ কাজ করবে কীভাবে, গোপালগঞ্জে আইজিপির প্রশ্ন

ফাইল ছবি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে। আজ শুক্রবার পর্যন্ত জেলার পরিস্থিতি ভালো রয়েছে এবং আগামী দিনগুলোতেও তা স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে মো. আলী হোসেন ফকির বলেন, এই থানাগুলো সাধারণ মানুষের জন্যই তৈরি করা হয়েছে। মানুষ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ বাহিনী কীভাবে কাজ করবে, সে প্রশ্ন তোলেন তিনি।

আইজিপি আরও বলেন, দেশে যদি আইন না থাকে এবং মানুষ সহযোগিতা না করে, তবে পুলিশ কাজ করতে পারবে না। যদি কেউ মনে করেন সেখানে পুলিশ থাকবে না, তাহলে তাঁরা নিজেরাই নিজেদের আইনশৃঙ্খলা পরিচালনা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালে গোপালগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও খোঁজখবর নেওয়া হয়। পরে সফরের অংশ হিসেবে মুকসুদপুরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানা এবং গোপালগঞ্জ পুলিশ লাইন পরিদর্শন করেন তাঁরা।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রোববার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনব্যাপী সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই দিন দুটি থানাসহ সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ছাড়া পুলিশের গাড়িতে হামলা এবং টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার পাশাপাশি টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই সময়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়ি, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারেও হামলা ও ভাঙচুর চালানো হয়। টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকেও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

টানা কয়েক দিনের সহিংসতার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। আজ সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।

এসএইচ 

Link copied!