• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে আরও চার দিন বৃষ্টির আভাস


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৬, ০৬:৫৬ পিএম
দেশে আরও চার দিন বৃষ্টির আভাস

ফাইল ছবি

শক্তি হারিয়ে দুর্বল হয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় আকভান। বর্তমানে এটি দক্ষিণ উড়িষ্যা ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে টানা বৃষ্টি ঝরছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল শনিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের অনেক জায়গায়ও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আটটি বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা রয়েছে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা ও ঢাকা বিভাগের কিছু জায়গায়ও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুরুর দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যশোরে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এসএইচ 

Link copied!