• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদের দোসর সক্রিয়: রিজভী


যশোর প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৬, ০৯:১৯ পিএম
প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদের দোসর সক্রিয়: রিজভী

ছবি: সংগৃহীত

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরে সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী ওই ব্যক্তি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন। তাঁর অভিযোগ, টাকা পাচারের পরও দেশের ভেতরে তাঁদের অগাধ অবৈধ টাকা রয়েছে। সেই টাকা দিয়ে ঘাপটি মেরে থাকা দোসররা সন্ত্রাসী টোকাইদের দিয়ে বাড়ি-গাড়িতে আগুন লাগাচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়ি নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া অন্য দলের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকেই এই মদদ আসছে বলে দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার লাশ দরকার। নিজের দলের নেতাকর্মীর লাশ হলেই তাঁর ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই এই লাশ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা দাবি করেন, দেশে এবং পুলিশ প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি ঘাপটি মেরে সক্রিয় রয়েছে। সে কারণেই বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

যশোর জেলা বিএনপির আয়োজনে ওই স্মরণসভায় আরও বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। এ ছাড়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা এবং যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা বক্তব্য দেন।

এসএইচ 

Link copied!