• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১২৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল


নিজস্ব প্রতিবেদক জুন ১৮, ২০২৬, ০২:৫৮ পিএম
১২৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

ফাইল ছবি

ঢাকা: আরো এক দফা পেছালো আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। এ নিয়ে ১২৭ বার এই তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো। আগামী ২২ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আটজন আসামি রয়েছেন। তারা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল, এনায়েত আহমেদ এবং সাগর-রুনির বন্ধু তানভীর রহমান খান।

আসামিদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। অন্য আসামিরা কারাগারে আছেন।

পিএস

Link copied!