ছবি : সংগৃহীত
ঢাকা: গতকাল ১২ মে একদিনে দেশে ১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এছাড়া চলতি মে মাসের প্রথম ১২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) ১৯ হাজার ৫৮১ কোটি টাকা।
বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বছরের একই সময় রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১২ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার।
এর আগে গত এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। উল্লেখ্য, মার্চের এই আয় ছিল দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ এবং ৩১৭ কোটি ৯ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। চলতি অর্থবছরের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ও নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স আসে।
এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে আয় ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ও ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। আগস্ট ও জুলাইয়ে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
পিএস







































