ছবি : সংগৃহীত
ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সোমবার (১ জুন) শেয়াবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও।
সোমবার লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৮৬ পয়েন্টে ও ২ হাজার ৪৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৯টির, দর কমেছে ১৫২টির এবং ৫৫টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে ডিএসইতে ৯১২ কোটি টাকার লেনদেন হয়েছে। ঈদের আগে শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট এবং সিএসআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ২১৪ পয়েন্টে, ১৩ হাজার ১৯৬ পয়েন্টে, ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ৯১২ পয়েন্টে।
এদিন সিএসইতে মোট ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির, কমেছে ৫৫টির এবং ১৪টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
আজ সিএসইতে ৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
পিএস







































