ছবি : সংগৃহীত
ঢাকা: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যেকোনো সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে লেবাননে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান লেবাননসহ অঞ্চলে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করে। তার মতে, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য লেবানন যুদ্ধবিরতি কার্যকরভাবে বাস্তবায়ন করা অপরিহার্য।
বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যোগাযোগ ও আলোচনা এখনো অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে এগোচ্ছে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং নতুন কিংবা পরস্পরবিরোধী দাবি উত্থাপন করছে, যা আলোচনার অগ্রগতিকে ধীর করে দিচ্ছে।
তার ভাষায়, “অন্য পক্ষের অবস্থান বারবার পরিবর্তিত হলে আলোচনা দীর্ঘায়িত হওয়াই স্বাভাবিক।”
লেবানন প্রসঙ্গে বাঘাইয়ের মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় পুনরায় হামলার নির্দেশ দিয়েছেন। এলাকাটি হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এদিকে, বাঘাই জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো বিস্তারিত আলোচনা শুরু হয়নি। তবে বিদেশে জব্দ থাকা ইরানি তহবিল মুক্ত করা তেহরানের অন্যতম প্রধান দাবি হিসেবে আলোচনায় রয়েছে।
তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন এবং বলেন, এমন পদক্ষেপ পারস্পরিক অবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো পক্ষকে নিজেদের সক্ষমতা ব্যবহারের সুযোগ দেওয়া উচিত নয়।
পিএস







































