• ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ 


মাদারীপুর প্রতিনিধি জুন ১৫, ২০২৬, ০২:৪৫ পিএম
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ 

ছবি: প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং অন্তত ১৫টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।

আজ সোমবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নুরুজ্জামান মোল্লা (৩৫), মাসুদ ফকির (৩৫), হানিফ খান (৪৫) ও কামরুল হাওলাদারের নাম জানা গেছে। তাদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ঝিকরহাটি গ্রামের পলাশ খান পক্ষের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খান পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের সমর্থকেরা ঢাল, শড়কি ও টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের বেশ কিছু বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি শান্ত করার সময় দুর্বৃত্তরা পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ 

Link copied!