ছবি: প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে বালুবাহী ট্রাক ও সংবাদপত্র বহনকারী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ চালক আবু নাইম খান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় উভয় গাড়ির অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে ডাসার উপজেলার পান্তাপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাইম খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে বরিশালগামী সংবাদপত্র বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে-মুড়মে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা চালক আবু নাইম খানের লাশ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
ডাসার থানার উপপরিদর্শক (এসআই) হাসানুল বান্না সাগর জানান, নিহত পিকআপ চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আহতদের মধ্যে একজনের বাড়ি দক্ষিণ ডাসার এলাকায়। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এসএইচ







































