• ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৬, ১২:৪৬ পিএম
উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

ফাইল ছবি

উৎসে কর কর্তন সঠিকভাবে আদায় এবং জমা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের নির্দেশনায় বিভিন্ন কর অঞ্চলের বিশেষ টিম মাঠপর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করছে। 

রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা উৎসে কর কর্তন সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করতে পারবেন।

আইন অনুযায়ী কর কর্মকর্তারা যেসব ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, তার মধ্যে রয়েছে—যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয় বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সরেজমিনে পরিদর্শন, হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ অর্থনৈতিক কার্যক্রম-সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা ও তলব, কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড ও ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরিদর্শন এবং প্রয়োজন হলে তথ্যে প্রবেশের ব্যবস্থা গ্রহণ।

এছাড়া উৎসে কর্তিত করের সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করে নিজস্ব হেফাজতে রাখার ক্ষমতাও রয়েছে। প্রয়োজনে নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের অনুলিপি সংগ্রহ এবং তাতে সনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহারেরও বিধান রয়েছে।

এনবিআর সতর্ক করে জানিয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭(২) অনুযায়ী এই কার্যক্রমে বাধা সৃষ্টি বা অসহযোগিতা করলে জরিমানার বিধান রয়েছে।

সঠিক আইনি ধারা এবং নির্ধারিত অর্থনৈতিক কোড উল্লেখ করে ই-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দিতে হবে। যদি ধারা ১৪৭-এর প্রয়োগ নিয়ে কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে এনবিআরের গঠিত কমিটির সদস্য সচিবের কাছে [email protected] ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে।

এসএইচ 

Link copied!