• ঢাকা
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১ বছর পূর্তি উদযাপন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৭:৫৬ পিএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১ বছর পূর্তি উদযাপন

ছবি: সংগৃহীত

‘শরীয়াহ্’র সাথে, বিশ্বাসের শীর্ষে’ স্লোগানকে সামনে রেখে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। এই গৌরবময় মাইলফলক উপলক্ষে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী ২২৬টি শাখা ও ৮৯টি উপশাখায় আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করা হয়।

প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ১৯৯৫ সালে যে মূল্যবোধকে ভিত্তি করে ব্যাংকের পথচলা শুরু হয়েছিল, আজও সেই আদর্শ ধারণ করেই ব্যাংক এগিয়ে চলেছে। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের বিশ্বাস ও সহযোগিতাই প্রতিষ্ঠানটির মূল শক্তি উল্লেখ করে তিনি ভবিষ্যতে ব্যাংকটিকে আরও শক্তিশালী ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান জানান, বিস্তৃত নেটওয়ার্ক, প্রায় সাড়ে ছয় হাজার কর্মীর পরিবার ও ব্যবসায়িক সাফল্য ব্যাংকটির বড় অর্জন। পাশাপাশি করপোরেট গভর্নেন্স, স্বচ্ছতা এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সেবা আরও সহজ করতে কাজ চলছে।

ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান সকল গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সময়ের সঙ্গে গ্রাহকের চাহিদা বদলেছে। সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল, রিটেইল ও এসএমই ব্যাংকিং এবং রেমিট্যান্স সেবার পরিধি বাড়ানো হচ্ছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালক খলিলুর রহমান, সেলিম রহমান, হাফেজ এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, রফিকুল ইসলাম, এস এম জহির উদ্দিন হায়দার এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দেশজুড়ে বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং গ্রাহকরা ভার্চুয়ালি এতে যুক্ত হন।

উল্লেখ্য, বর্তমানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৪২ লাখ এবং আমানতের পরিমাণ সাড়ে ৫৪ হাজার কোটি টাকা। সারাদেশে ২২৬টি শাখা, ৮৯টি উপশাখা, ৭৩৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ২৫৪টি এটিএম ও সিআরএম নেটওয়ার্কের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এআইবি আই-ব্যাংকিং’ ও ‘ইসলামিক ওয়ালেট’-এর মাধ্যমে সেবা দিয়ে আসছে ব্যাংকটি।

এসএইচ 

Link copied!