• ঢাকা
  • সোমবার, ২৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গণতান্ত্রিক চর্চা ও ক্ষমতার ভারসাম্যের জন্য জাকসু নির্বাচনের ফল মেনে নেবে বাগছাস


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:৪৮ এএম
গণতান্ত্রিক চর্চা ও ক্ষমতার ভারসাম্যের জন্য জাকসু নির্বাচনের ফল মেনে নেবে বাগছাস

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ‘ত্রুটিযুক্ত’ দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে ক্যাম্পাসে গণতন্ত্র চর্চা ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের জন্য নির্বাচনের ফল মেনে নেয়ার কথা জানিয়েছেন বাগছাসের জাবির সদস্যসচিব আবু তৌহিদ মো. সিয়াম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

এদিন সংবাদ সম্মেলনে ফলাফল যা-ই হোক না কেন, তা মেনে নেয়ার ঘোষণা দেন বাগছাসের সদস্যসচিব এবং ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের জিএস পদপ্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম। এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী ও বাগছাস জাবির আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল।

পরে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জিএস পদপ্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম বলেন, দীর্ঘসময় পর জাকসু শুরু হওয়াকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে ৭ থেকে ৮ হাজার শিক্ষার্থী নানা প্রতিকূলতার পরও ভোট দিয়েছেন। এ বিষয়টিকেও আমরা সাধুবাদ জানাই। এজন্যই আমরা নির্বাচন বর্জন করছি না বলে জানিয়েছি। কিন্তু এই নির্বাচন যে ত্রুটিযুক্ত, সেটি আমরা অ্যাড্রেস করছি।

‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের এই জিএস পদপ্রার্থী বলেন, ৩২ বছর পর খারাপ একটি নির্বাচনের মাধ্যমে হলেও আমরা জাকসু পেয়েছি। শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষমতার ভারসাম্য আনতে জাকসু আমাদের দরকার। আমরা মনে করি, এই জাকসু যদি আমরা বর্জন করি, এটি যদি বানচালের দিকে যায়, তাহলে হয়তো এই প্রশাসন আমাদের সামনে আবারও একটা ৩৩ বছরের জটলা আনবে। এমনটা হলে জাহাঙ্গীরনগরের গণতান্ত্রিক পরিবেশ হুমকির মুখে পড়বে।

এর আগে বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন নানা অনিয়মের অভিযোগ তোলে বাগছাস। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন হলে অমোচনীয় কালি ব্যবহার হয়নি বা সহজেই কালি মুছে গেছে। অনেক ব্যালটে ছবি না থাকায় জাল ভোটের সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও ফজিলাতুন্নেসা, তাজউদ্দীন ও রফিক-জব্বার হলে ভোটার পরিচয় যাচাই না করেই শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হয়। এমনকি বেশকিছু হলে প্রার্থী ও সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলা হয়, তারা ভোটকেন্দ্রে লিফলেট বিতরণ ছাড়াও টোকেন সরবরাহ, লাইন জ্যামিং এবং প্রভাব বিস্তারের মাধ্যমে নির্বাচনি পরিবেশ নষ্ট করেছেন।

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনে অংশ নিতে গত ২২ আগস্ট ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) জাবি শাখা সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’। এতে ভিপি পদে বাগছাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এবং জিএস পদে রয়েছেন সদস্যসচিব আবু তৌহিদ মো. সিয়াম। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে মালিহা নামলাহ ও যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে জিয়া উদ্দিন আয়ান লড়াই করেন।

ইউআর

Link copied!