• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাবিতে নারীকে ‘প্রস্টিটিউট’ বলে লাঞ্ছিত, অভিযুক্ত হত্যা মামলার আসামি 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৫০ এএম
ঢাবিতে নারীকে ‘প্রস্টিটিউট’ বলে লাঞ্ছিত, অভিযুক্ত হত্যা মামলার আসামি 

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি এলাকায় গভীর রাতে এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঘটে যাওয়া এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে অভিযুক্ত দুই শিক্ষার্থীর একজন গাজীপুরের কালিয়াকৈরে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে যাচ্ছেন। সেখানে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একই সেশনের শিক্ষার্থী শাহরিয়ার তুষারকেও উপস্থিত থাকতে দেখা যায়।

ভিডিওতে ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করেন। তিনি অভিযোগ করেন, তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করা হয়েছে এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তাকে বলতে শোনা যায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমার গায়ে কেন হাত তুলবে?”

ওই রাতে তারা পুরান ঢাকা থেকে সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন বলে দাবি করেন। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও হেনস্তার ঘটনা ঘটে বলে ভিডিওতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অভিযুক্ত আহমেদ রাকিব ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের কালিয়াকৈরে আলোচিত সাব্বির হত্যা মামলার আসামি হিসেবে চিহ্নিত।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানা পুলিশের এসআই স্বপন মিয়া বলেন, বিষয়টি তাদের জানা নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি প্রশাসনের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এম

Wordbridge School
Link copied!