• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬০ হাজার শিক্ষক নিয়োগের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬, ০৬:৪১ পিএম
৬০ হাজার শিক্ষক নিয়োগের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী 

ফাইল ছবি

সিলেটে এক মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের মামলা জটিলতা নিরসনে সরকার কাজ করছে। একই সঙ্গে খুব শিগগিরই প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত দক্ষ শিক্ষকদের নিয়ে একটি পুল গঠন করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাদের পার্ট-টাইম শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, পাবলিক পরীক্ষার কারণে পাঠদান ব্যাহত না করতে প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক বহুমুখী পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমান পরীক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। প্রতিটি শ্রেণিকক্ষে নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের তা পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি।

ডিজিটাল নকলের প্রবণতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত পাঠদানের মাধ্যমেই এ সমস্যা মোকাবিলা করতে হবে। একই সঙ্গে পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করা গেলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

সভায় সভাপতিত্ব করেন মো. আনোয়ার হোসেন চৌধুরী। এতে শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এসএইচ 

Link copied!