• ঢাকা
  • সোমবার, ০৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কাউকেই বাদ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০২৬, ১০:৪১ পিএম
সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কাউকেই বাদ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কেউ বাদ পড়বে না।

রোববার (৩ মে) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কাউকেই বাদ দেওয়া হবে না। তাদের নিয়োগ কিছুটা তড়িঘড়ি করে সম্পন্ন হয়েছে, এ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তারপরও আমরা কাউকে বাদ দিচ্ছি না। সবাই যোগদানের সুযোগ পাবে। 

যোগদানের সময় সম্পর্কে তিনি বলেন, ‘শিগ্গিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সচিবালয়ে ফাইল পর্যালোচনা করে বাকি প্রক্রিয়া শেষ হলেই যোগদান কার্যক্রম শুরু করা হবে।’ তবে শর্তসাপেক্ষে নিয়োগ কার্যকর হবে বলে জানান মন্ত্রী। 

তিনি বলেন, যোগদানের পর শিক্ষকদের পিটিআইতে প্রশিক্ষণ নিতে হবে। সেখানে কেউ ব্যর্থ হলে তিনি শিক্ষক হিসাবে বহাল থাকতে পারবেন না। এছাড়া সরকারি বিধি অনুযায়ী, চাকরিতে যোগদানের পর টানা দুই বছর সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করলে তবেই তাদের স্থায়ী করা হবে। 

শিক্ষা খাতে শিক্ষক সংকটের কথা তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ মামলা জটিলতায় আটকে আছে। পাশাপাশি সরকারি উচ্চবিদ্যালয়ে প্রায় ৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আমরা মাথা ভারী প্রশাসন চাই না। আমাদের লক্ষ্য হলো শিক্ষার গুণগত মানোন্নয়ন, দক্ষ শিক্ষক তৈরি এবং কার্যকর কারিকুলাম বাস্তবায়ন।

কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের ডিগ্রির সমমান নির্ধারণে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন। প্রয়োজনে কারিগরি শিক্ষার সংযুক্তিও বিবেচনা করা হবে।

এম

Link copied!