ছবি: প্রতীকী
প্রশ্ন ফাঁসের অপচেষ্টা বা পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম রোধে এবার নজিরবিহীন কড়াকড়ির ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ নম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রশ্ন ফাঁস হতে দেওয়া যাবে না। প্রশ্ন ফাঁস করলে এমন কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে, যা দেশের মানুষ সারা জীবন মনে রাখবে।
বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা 'বডি-ওর্ন ক্যামেরা' ব্যবহার করবে।
পরীক্ষা কেন্দ্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে কোনো ধরনের ব্যত্যয় করা যাবে না। প্রতিটি কেন্দ্রে একটি কন্ট্রোল রুম ও মনিটর থাকতে হবে। এর পাশাপাশি ধারণকৃত ভিডিওগুলো সংরক্ষণের ব্যবস্থাও করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অনিয়মের অভিযোগ আসলে সেগুলো নিখুঁতভাবে যাচাই করা যায়।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়ে ড. মিলন আরো বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা। আর এই লক্ষ্য অর্জনে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ শিক্ষক। সেজন্য শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের আর গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় থাকার সুযোগ নেই, তাই শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ। এ ছাড়া বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসএইচ



























-6a397791a3645-20260622190839.jpg)











