• ঢাকা
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নবীনদের পদচারণায় মুখর জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০২৬, ০৫:৪৪ পিএম
নবীনদের পদচারণায় মুখর জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফল-২০২৬। নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচয় করাতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. জুবায়েনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আলী, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর ও শিক্ষকমণ্ডলী।

নবীনদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, কেবল সনদপত্র তুলে দেওয়া নয়, শিক্ষার্থীদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। বর্তমান চাকরির বাজারে ডিগ্রির পাশাপাশি বাস্তবমুখী দক্ষতার প্রয়োজন অনেক বেশি। তাই সাশ্রয়ী খরচে মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির বাজার উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে জোর দেওয়া হচ্ছে।

রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় জানান, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রাশিয়া সরকারের আমন্ত্রণে ফুল-ফান্ডেড প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং চলতি বছরেও এমন সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, একাডেমিক ফলাফলের পাশাপাশি দক্ষতা বাড়াতে পারলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রামে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

দিনব্যাপী এ আয়োজনে ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও নৃত্যের মনোরম পরিবেশনায় ক্যাম্পাস প্রাঙ্গণ এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো।

এসএইচ 

Link copied!