ছবি: সংগৃহীত
ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে তছনছ হয়ে গেছে নেপাল। ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। দেশটির পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর চারদিকের ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ রয়েছেন ৫৭ ৯ জন পর্যটক। নিখোঁজদের মধ্যে ৪৬৬ জনই বিশ্বের ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক।
সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে নেপাল-ভারত সীমান্তের কাছে ঐতিহ্যবাহী মানসরোবর যাত্রাপথে। ট্যুর অপারেটরদের বরাতে নেপাল পর্যটন বোর্ড নিশ্চিত করেছে, নিখোঁজ হওয়া অধিকাংশ যাত্রীই মানসরোবরের উদ্দেশে রওনা হয়েছিলেন। নিখোঁজের তালিকায় সর্বোচ্চ ১৩৩ জন রয়েছেন ভারতীয় নাগরিক। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিকের কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ পর্যটকদের মধ্যে নেপালের স্থানীয় বাসিন্দা রয়েছেন ১১৩ জন।
এদিকে স্থানীয় সময় রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসে অন্তত ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিতওয়ান জেলা, যেখানে সর্বোচ্চ ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধাদিঙে ১৮, গোর্খায় ১৯, নুয়াকোটে ১১, নওয়ালপুরে ১১, তানাহুনে ৭ এবং রসুয়া জেলায় ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
টানা বৃষ্টিতে পাহাড়ি পথগুলো ভেসে যাওয়ায় ও ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ চালাতে চরম হিমশিম খেতে হচ্ছে জরুরি উদ্ধারকারী দলকে। অনেক দুর্গম এলাকায় এখনো পৌঁছানোই সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ একযোগে অভিযান চালিয়ে যাচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এসবএইচ

























original1787417799-20260822173831.jpg)













