• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুপিসারে গাঁটছড়া বাঁধছেন হুমা-রচিত


বিনোদন ডেস্ক মে ৫, ২০২৬, ০৩:২০ পিএম
চুপিসারে গাঁটছড়া বাঁধছেন হুমা-রচিত

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক: সবার অগোচরেই বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের কৌতূহল বেড়েছে বহুগুণ। এবার শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন হুমা কুরেশি এবং তার প্রেমিক রচিত সিং। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ঘরোয়া পরিবেশেই বিয়ের মূল অনুষ্ঠান সারতে চান তাঁরা। পরে মুম্বাইয়ে একটি বড় রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে তাদের।

হুমা কুরেশির প্রেমিক রচিত সিং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। তিনি ইন্ডাস্ট্রির পরিচিত অভিনয় প্রশিক্ষক। আলিয়া ভাট, ভিকি কৌশল ও রণবীর সিংয়ের মতো তারকাদের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন রচিত।

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় যখন ‘থাম্মা’ ছবির স্ক্রিনিংয়ে তাদের একসঙ্গে দেখা যায়। পরে সোনাক্ষী সিনহার বিয়েতেও একসঙ্গে হাজির হন। এছাড়া রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাদের। এ রকম বেশ কিছু ঘটনা থেকেই হুমা-রচিতের প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়।

নিজের মুখে সম্পর্ক নিয়ে খুব বেশি কিছু বলেননি হুমা, গত বছর সঙ্গীতশিল্পী আকাসা সিংয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সূত্র: দ্য ওয়াল

পিএস

Link copied!