চিত্রনায়িকা মৌসুমী অভিনীত নতুন কাজ 'কন্ট্রাক্ট ম্যারেজ' মুক্তির আগেই তৈরি হয়েছে বিতর্ক। প্রবাসে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং তা ঘিরে জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই প্রজেক্টটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।
তবে বিষয়বস্তু নয়, বরং নির্মাণ ও প্রকাশ প্রক্রিয়া নিয়েই আপত্তি তুলেছেন মৌসুমী এবং তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তারা দাবি করেন, মূলত এটি একটি নাটক হিসেবে নির্মিত হয়েছিল, পরে টেলিফিল্ম হিসেবে প্রচারের কথা বলা হয়। কিন্তু সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির উদ্যোগে তারা বিস্মিত।
ওমর সানীর ভাষ্য, কোনো লিখিত চুক্তি বা অনুমতি ছাড়াই একটি কাজকে সিনেমা হিসেবে উপস্থাপন করা অনৈতিক। তিনি অভিযোগ করেন, একজন পেশাদার শিল্পীর কাজ এভাবে রূপান্তর করা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের পদক্ষেপ বন্ধ হওয়া উচিত।
ভিডিওতে মৌসুমীর বক্তব্যও যুক্ত করা হয়, যেখানে তিনি বলেন— কাজটি প্রায় এক ঘণ্টার নাটক হিসেবেই সম্পন্ন হয়েছিল এবং সেটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেটিকে চলচ্চিত্র হিসেবে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় কারিগরি কাজ, যেমন ডাবিং, যথাযথভাবে সম্পন্ন করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া পারিশ্রমিক নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার দাবি, চলচ্চিত্র হিসেবে মুক্তির উপযোগী পারিশ্রমিকও তাকে দেওয়া হয়নি। একটি নাট্য প্রজেক্টকে জোর করে সিনেমায় রূপ দেওয়ার এই প্রবণতাকে চলচ্চিত্র শিল্পের জন্য ক্ষতিকর বলেও মনে করছেন তারা।
এম







































