ফাইল ছবি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা হারানোর ঝুঁকিতে পড়বেন প্রার্থীরা। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়িয়ে বিধিমালা সংশোধন করা হয়েছে। এখন লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে কমিশন।
শনিবার (২১ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। তাঁরা বলেন, গত ৩ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছিল। সেখানে প্রার্থিতা বাতিলের বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি। এ কারণে গত ১১ নভেম্বর আচরণ বিধিমালায় প্রার্থিতা বাতিলের বিষয়টি স্পষ্ট করে বিধিমালা হালনাগাদ করে প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে বিধিমালার বিধি ৩২-এর উপবিধি ১ ও ২ সংশোধন করা হয়েছে।
আগের বিধিতে বলা হয়েছিল, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত রিপোর্টের ভিত্তিতে কমিশনের কাছে প্রতীয়মান হলে যে চেয়ারম্যান বা সদস্য পদের কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বিধি লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন এবং এ কারণে তিনি নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন, তাহলে কমিশন তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন সন্তুষ্ট হলে এবং প্রার্থী নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন বলে মনে করলে তাৎক্ষণিকভাবে লিখিত আদেশে প্রার্থিতা বাতিল করতে পারত।
সংশোধিত বিধানে অযোগ্য হওয়ার শর্তটি বাদ দেওয়া হয়েছে। এখন কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত রিপোর্টের ভিত্তিতে কমিশনের কাছে প্রতীয়মান হলে, চেয়ারম্যান বা সদস্য পদের কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বিধি লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন নিশ্চিত হলে প্রার্থী, তাঁর নির্বাচনী এজেন্ট অথবা তাঁর নির্দেশে বা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বিধি লঙ্ঘন করলে বা লঙ্ঘনের চেষ্টা করলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশে প্রার্থিতা বাতিল করতে পারবে।
ইসি কর্মকর্তারা বলছেন, আগের নিয়মে অভিযোগটি প্রার্থিতা বাতিল হওয়ার মতো কি না, তা কমিশনকে বিবেচনা করতে হতো। এখন আর তা বিবেচনা করতে হবে না। বিধিমালা কেউ লঙ্ঘন করলেই কমিশন ব্যবস্থা নিতে পারবে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
এসএইচ







































