• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বাস্থ্যমন্ত্রী হলেন সামন্ত লাল সেন


নিজস্ব প্রতিবেদক  জানুয়ারি ১১, ২০২৪, ০৯:৩৩ পিএম
স্বাস্থ্যমন্ত্রী হলেন সামন্ত লাল সেন

ঢাকা: নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি এ সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার রাতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে, সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে শপথ পাঠ করেন ডা. সামন্ত লাল সেন। শপথপাঠ অনুষ্ঠানে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি মন্ত্রী হব। এটা আমার কাম্য ছিল না। যাই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে মন্ত্রিত্ব দিয়েছেন। আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করব।’

ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ২০১৮ সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

১৯৪৯ সালের ২৪ নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জন্মগ্রহণ করেন। ডা. সেন্ট ফিলিপস হাই স্কুল থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক সম্পন্ন করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৭৩ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮০ সালে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ‘ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি’ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে জার্মানি ও ইংল্যান্ডে সার্জারিতে আরও প্রশিক্ষণ গ্রহণ করেন।

উল্লেখ্য, নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। এর মধ্যে, স্থপতি ইয়াফেস ওসমান, ড. সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পান।

এমএস

Wordbridge School
Link copied!