ফাইল ছবি
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরীর অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এবং পরবর্তীতে কমেন্ট সেকশনে মামলার নথি প্রকাশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আজ বেলা ১১টার পর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে ফেসবুকে প্রথম পোস্ট দেন এমপি মনিরুল হক চৌধুরী। এর প্রায় ৩ ঘণ্টা পর সেই পোস্টের কমেন্ট সেকশনে মামলার বাদী কর্তৃক মামলা প্রত্যাহারের বিষয়টি তিনি সবাইকে জানান।
মূল পোস্টে মনিরুল হক চৌধুরী লিখেছিলেন, আমি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, আমার নির্বাচনি এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর (মুফতি ফয়জুল করীম) সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আমি আগে থেকে অবগত ছিলাম না এবং কে বা কারা এ মামলা দায়ের করেছেন, সে সম্পর্কেও আমার জানা ছিল না।
অপ্রত্যাশিত এই মামলার খবর জানতে পেরে তিনি বেশ বিব্রত হয়েছেন উল্লেখ করে এমপি আরও লেখেন, মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের অনুরোধ করতে নির্দেশ দিই। পরে তারা আমাকে জানিয়েছে যে বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সদর দক্ষিণ থানার ওসি এবং আমার অ্যাডভোকেটকেও নির্দেশনা দিয়েছি।
সংসদের একটি ঘটনার সূত্র টেনে পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে আমার যে অভিযোগ ছিল, তা আমি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছি। আমি সবসময় আইনশৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।
এই ফেসবুক পোস্টের ঠিক তিন ঘণ্টা পর কমেন্ট সেকশনে মামলা প্রত্যাহারের একটি আইনি নথির ছবি যুক্ত করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী চূড়ান্তভাবে নিশ্চিত করেন যে, বাদী ইতিমধ্যেই মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।
এসএইচ


























-6a397791a3645-20260622190839.jpg)












