• ঢাকা
  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেলের গেজেট ও দ্রুত বাস্তবায়নের দাবি কর্মচারী কল্যাণ সমিতির


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৬, ০৪:৩৯ পিএম
পে স্কেলের গেজেট ও দ্রুত বাস্তবায়নের দাবি কর্মচারী কল্যাণ সমিতির

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে ৯ম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ, গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি–এর মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মালেক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদস্য সচিব আশিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মো. আজিজুর রহমান। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী ও কর্মচারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় রয়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পদোন্নতি ও টাইম স্কেল সংকুচিত হওয়ায় তারা আর্থিকভাবে চাপে আছেন। শিক্ষা, চিকিৎসা, বাসাভাড়া, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।

প্রধান অতিথি আবদুল মালেক বলেন, নতুন পুনর্গঠিত কমিটি যেন দ্রুত চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয় এবং পে-স্কেল বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখে। তিনি আরও বলেন, রাষ্ট্রের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো হালনাগাদ হয়নি।

প্রধান বক্তা আশিকুল ইসলাম বলেন, আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত না হলে কর্মচারীরা আরও সংকটে পড়বেন। তাই দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা একযোগে দ্রুত পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসএইচ 

Link copied!