• ঢাকা
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৩, ২০২৬, ১১:১১ এএম
লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এ ঘটনায় দেশটিতে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বুধবার দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় প্রথমে দুইজন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে দুটি যানবাহনে হামলা চালিয়েছে, যেগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল। পরে একই গ্রামের একটি ভবনে আরেকটি বিমান হামলায় এক সাংবাদিক আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে স্থানীয় একটি সংবাদমাধ্যমের কর্মী আমাল খলিলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


 
স্থানীয় সূত্র জানায়, আহত সাংবাদিক জেইনাব ফারাজকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেটিকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আহতদের উদ্ধার কার্যক্রম ব্যাহত করতে সড়কেও হামলার অভিযোগ উঠেছে।

লেবাননের তথ্যমন্ত্রী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না এবং উদ্ধার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে।

এর আগে গত মাসেও দক্ষিণ লেবাননে একটি চিহ্নিত সংবাদমাধ্যমের গাড়িতে হামলায় তিন সাংবাদিক নিহত হন।
 
অন্যদিকে, একইদিনে দক্ষিণ লেবাননের ইয়োহমর আল-শাকিফ এলাকায় পৃথক হামলায় আরো দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তারা ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা একটি ড্রোন প্রতিহত করেছে।

গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের ধারাবাহিক হামলায় লেবাননে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

আগামী রোববার মেয়াদ শেষ হতে যাওয়া যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলমান। লেবাননের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করবেন।

রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গত সপ্তাহে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় দ্বিতীয় একজন ফরাসি সৈন্য মারা গেছেন। তিনি এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন। চিফ কর্পোরাল অ্যানিসেট জিরার্দিন নামের ওই সৈন্য ১৮ এপ্রিল গুরুতরভাবে আহত হন। মঙ্গলবার ফ্রান্সে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী, ইউনিফিল জানিয়েছে প্রাথমিক মূল্যায়নে ইঙ্গিত পাওয়া গেছে, হামলাটি অরাষ্ট্রীয় পক্ষ, সম্ভবত হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো হয়েছিল। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা

এসআই

Link copied!