ছবি : সংগৃহীত
ঢাকা: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের জবাব ইরান আজ রাতে দিতে পারে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ও বাংলাদেশ সময় শনিবার তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘আজ রাতে জবাব আসবে’।
তিনি আরও বলেন, “রাতে একটি চিঠি পাওয়ার ব্যাপারে আশা করছি আমি। আমরা দেখব কীভাবে কি হয়।”
তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কি আছে সেটি স্পষ্ট করেননি তিনি।
গতকাল রাতে ইরানের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে ওই দুটি ট্যাংকার অকেজো হয়ে যায় বলে দাবি করে তারা। নৌবাহিনী বলেছে, ইরানি ট্যাংকারগুলো তাদের নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করায় হামলা চালানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। যা টানা ৪০ দিন চলে।
মার্কিনিদের হামলার জবাবে ওই সময় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এরপর পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় তেহরান।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল প্রথমে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে পৌঁছায় ইরান ও যুক্তরাষ্ট্র। ২২ এপ্রিল এটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বৃদ্ধি করেন।
সূত্র: আল-আরাবিয়া
এসআই







































