• ঢাকা
  • শনিবার, ০৯ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাসুলের আদর্শেই গড়ে উঠবে ন্যায়ভিত্তিক সমাজ:  সাদিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক   মে ৯, ২০২৬, ০৫:৫০ পিএম
রাসুলের আদর্শেই গড়ে উঠবে ন্যায়ভিত্তিক সমাজ:  সাদিকুর রহমান

ছবি : প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের আলো ছড়িয়ে দিতে মঞ্চে দাঁড়িয়েছিল একঝাঁক মেধাবী তরুণ। যুক্তি, তথ্য আর হৃদয়ের গভীর আবেগে তারা তুলে ধরেছে রাসুলের সমাজ সংস্কারের অনন্য শিক্ষা। সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ দাওয়াহ সার্কেল আয়োজিত ‘জাতীয় বক্তব্য প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শনিবার (৯ মে) শেষ হলো সেই প্রাণবন্ত আয়োজন।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ১০ প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির ও দাঈ মাওলানা সাদিকুর রহমান আল আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মু. মহিউদ্দিন আহমদ। 

দাওয়াহ সার্কেলের পরিচালক শাহীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী পরিচালক শহিদুল ইসলাম শাফী, আব্দুল্লাহ আল আমিনসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগী, অভিভাবক ও দাওয়াতি অঙ্গনের শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ।

পুরস্কার বিতরণ  
সারাদেশ থেকে কয়েক ধাপে বাছাই করা প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে বিজয়ী সেরা ১০ জনের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় বিজয়ীদের চোখে-মুখে দেখা যায় রাসুলপ্রেমের দীপ্তি আর দ্বীনের পথে কাজ করার দৃঢ় প্রত্যয়।
 
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান আল আজহারী বলেন, “মহানবী (সা.) শুধু ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। জাহেলিয়াতের ঘোর অন্ধকারে তিনি ন্যায়, ইনসাফ ও মানবতার মশাল জ্বেলেছিলেন।”

তিনি আরও বলেন, “আজকের এই অস্থির ও সংঘাতময় পৃথিবীতে রাসুলুল্লাহ (সা.)-এর সিরাতই আমাদের মুক্তির একমাত্র পথ। তরুণরা যদি তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে এগিয়ে আসে, তবে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠন সময়ের ব্যাপার মাত্র।”

সভাপতির বক্তব্যে দাওয়াহ সার্কেলের পরিচালক শাহীন আহমদ বলেন, “তরুণদের মাঝে রাসুলের সিরাত চর্চা ও দাওয়াতি চেতনা জাগ্রত করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারাই আগামীর বাংলাদেশ। রাসুলের আদর্শ বুকে ধারণ করে সমাজের প্রতিটি স্তরে আলো ছড়িয়ে দিন।”

উল্লেখ্য, প্রতিবছর সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ দাওয়াহ সার্কেল এই জাতীয় বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

এসআই

Link copied!