• ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ল দেশেও


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৫, ২০২৬, ১০:০৬ এএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ল দেশেও

ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমন এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার খবরে বিশ্ব অর্থনীতিতে এক বড় ধরনের ওলটপালট ঘটে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে একটি প্রাথমিক রূপরেখা চুক্তি সম্পন্ন হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম এক ধাক্কায় ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিপরীতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৪ শতাংশ।

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক বাজার খোলার পর থেকেই মূল্যবান এই ধাতুটির দামে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। বাংলাদেশ সময় সকাল ৯:১২ মিনিট পর্যন্ত স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ২.৫% বেড়ে ৪,৩২২.৮৭ ডলারে গিয়ে ঠেকেছে, যা গত ৯ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে মার্কিন স্বর্ণের ফিউচার মূল্যও ২.৫% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৩৪৪.৮০ ডলারে দাঁড়িয়েছে।

রোববার মার্কিন ও ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশই যুদ্ধ বন্ধ, ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) নিশ্চিত করেছেন যে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে।

কেসিএম ট্রেড এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, "ভূ-রাজনৈতিক ঝুঁকি কমে আসা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনায় তেলের দাম ও ডলারের মান কমেছে। এটি বিশ্ববাজারে মূল্যস্ফীতির আশঙ্কাকে শান্ত করতে সাহায্য করছে। এই জোড়া ধাক্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বর্ণের বাজারে সবচেয়ে বড় সুবাতাস এনে দিয়েছে।"

ভূ-রাজনৈতিক টানাপোড়েন কমে আসায় আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের সূচক গত ১০ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। ডলার দুর্বল হওয়ার কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়ে উঠেছে, যা এর চাহিদা ও দাম দুটোই বাড়িয়ে দিয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারও আজ চাঙ্গা। রুপার দাম ৩.৬% বেড়ে প্রতি আউন্স ৭০.৩৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনাম এবং প্যালাডিয়াম উভয়ের দামই ৩.৩% করে বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১,৭৭৩.৭০ ডলার ও ১,৩২৪.৭৫ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, এই শান্তি চুক্তির ফলে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের যে উদ্বেগ ছিল, তা অনেকটাই কেটে গেছে। তবে স্বর্ণের বাজারের এই ঊর্ধ্বমুখী ধারা কতদিন বজায় থাকবে, তা অনেকটাই নির্ভর করছে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি কতটা সফলভাবে বাস্তবায়িত হয় তার ওপর।

দেশের বাজারে সোনার ভরি আজ কত?

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সোমবার (১৫ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

এর আগে গত ১৩ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৫ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

এম

Link copied!