• ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনার দামে আরও পতন, দুই সপ্তাহে সর্বনিম্নে


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৪, ২০২৬, ০৬:৩৬ পিএম
সোনার দামে আরও পতন, দুই সপ্তাহে সর্বনিম্নে

ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে সোনার দাম। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনার কারণে বুধবার সোনার দাম প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বার্তা সংস্থা রয়টার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে অনুযায়ী, বুধবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯ দশমিক ৪৪ ডলারে দাঁড়ায়। একপর্যায়ে এটি ১১ জুনের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬ দশমিক ৭০ ডলারে নেমে আসে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, শক্তিশালী মার্কিন ডলার সোনার বাজারে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ভিত্তিক বিনিয়োগ চাহিদাও দুর্বল রয়েছে, যা সোনার দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে, মার্কিন ডলার ১৩ মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ফলে বিদেশি ক্রেতাদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের হার সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমিয়ে দেয়। ফেডের সর্বশেষ বৈঠকের পর থেকে সোনার দাম ইতোমধ্যে ৪ শতাংশের বেশি কমেছে।

তবে বর্তমান মূল্যস্তর কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার আগ্রহ ধরে রাখতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। যদিও মূল্যস্ফীতি নিয়ে ফেডের উদ্বেগ অব্যাহত থাকায় স্বল্পমেয়াদে সোনার বাজারে নিম্নমুখী চাপ বজায় থাকতে পারে।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) মূল্যস্ফীতি তথ্যের দিকে নজর রাখছেন, যা বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই তথ্য ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।

অন্যদিকে, ভূরাজনৈতিক অঙ্গনেও অনিশ্চয়তা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে। তবে তেহরান এ দাবি অস্বীকার করায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সোনার সাথে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার ২ দশমিক ৫ শতাংশ, প্লাটিনাম ২ দশমিক ২ শতাংশ এবং প্যালাডিয়াম ২ দশমিক ৯ শতাংশ দর হারিয়েছে।

পিএস

Link copied!