• ঢাকা
  • শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২২, ২০২৬, ০২:০৯ পিএম
ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

ছবি : সংগৃহীত

ঢাকা: ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ খবর প্রকাশ করেছে। 

বুধবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে মনোনীত করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী ইনফান্তিনো বিশ্বজুড়ে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। বিশ্ববাসীকে এক সুতোয় বাঁধার এবং বিভিন্ন দেশকে একত্রিত করার বিশেষ এক অনন্য ক্ষমতা রয়েছে ফিফা সভাপতির।

চলতি বছরের বিশ্বকাপ ফুটবল চলাকালেই ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্টের মন জয়ে ইনফান্তিনো নানা উদ্যোগ নেন, যার অংশ হিসেবে গত ডিসেম্বরে ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় ফিফার প্রথম ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার।

তবে বিশ্লেষকদের মতে, জাতিসংঘের শীর্ষ পদে ইনফান্তিনোর যাত্রা সহজ নাও হতে পারে। জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ প্রদান করে। এই পদে অধিষ্ঠিত হতে ইনফান্তিনোকে প্রথমে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হবে। যেখানে পাঁচটি স্থায়ী দেশের যেকোনো একটি ‘ভেটো’ দিলেই প্রার্থিতা বাতিল হতে পারে। নিরাপত্তা পরিষদের সমর্থনের পরই সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।

পিএস

Link copied!