• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বোরকা ও নিকাব নিষিদ্ধ হলো ইতালির স্কুলে 


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০১:১৮ পিএম
বোরকা ও নিকাব নিষিদ্ধ হলো ইতালির স্কুলে 

ফাইল ছবি

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার। একই সঙ্গে প্রতিটি শ্রেণিকক্ষে ইতালীয় ভাষায় দক্ষ নয় এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার নিয়ম আনা হচ্ছে। এই নতুন নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ এক হাজার ইউরো (প্রায় ১,১৪০ ডলার) পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রক্ষণশীল দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার এক সমাবেশে এসব পরিবর্তনের বিষয় তুলে ধরা হয়। সম্প্রতি মেলোনির মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি ডিক্রি-ল’ অনুমোদন দিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারের অনুমোদিত এই ডিক্রি-ল’ তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে, তবে তা স্থায়ী করতে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন পেতে হবে। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার অনুমোদনেরও প্রয়োজন রয়েছে। তবে শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের নতুন প্রতিবন্ধকতা তৈরি হওয়া নিয়ে সতর্ক অবস্থান প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাত্তারেল্লা।

সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইতালীয় ভাষা শেখার সুযোগ তৈরি ও স্কুলে বোরকা-নিকাব বন্ধের পদক্ষেপ কোনো বিভাজন তৈরি করে না, বরং এটি সাধারণ বোধের বিষয়। সরকার নিয়মের সঙ্গে আপস না করে সব শিক্ষার্থীকে মূলধারায় একীভূত করার লক্ষ্যে এগোচ্ছে।

ডিক্রি-ল’টি পার্লামেন্টে আলোচনার সময় এতে আরও পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে বলে জানা গেছে।

এসএইচ 

Link copied!